ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে রাতের আঁধারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই ‘নিশাচর’ তৎপরতায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ‘খেলা হবে’—স্লোগানটি যেন ফটিকছড়িতে নতুন রূপ পেল রাতের আঁধারে।
অভিযোগে জানা গেছে, উপজেলাজুড়ে অন্তত চারটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে সেগুলোতে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাতের অন্ধকারে হেলমেট পরা কিছু ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল পেঁচিয়ে তালা লাগাচ্ছেন।
রাতভর এসব কর্মকাণ্ডের পাশাপাশি ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পাইন্দংয়ের আমতলী ও গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে মিছিল করেন নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ। একই সময়ে আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ প্রদর্শন করা হয়। এছাড়া আমতলী এলাকায় মিনহাজ নামের এক কর্মীর নেতৃত্বে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
তৎপরতায় জড়িতদের মধ্যে মিনহাজ, মুরাদ মাহমুদ ও নেজাম মাহমুদের নাম শোনা যাচ্ছে। গোপন সূত্রের দাবি, নাজিরহাট পৌরসভা এলাকায় এসব কর্মকাণ্ডে নেজাম মাহমুদ নিয়মিত রসদ ও সহায়তা দিচ্ছেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জাফতনগর, নানুপুর ও কাঞ্চনপুরসহ বিভিন্ন এলাকায় রাতভর কর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। তবে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন। তিনি বলেন, পুলিশের উপস্থিতির মধ্যেই একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন তালা দেওয়ার ঘটনা ঘটেছে, যার দায় প্রশাসন এড়াতে পারে না।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























