নওগাঁয় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৯:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
নওগাঁয় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের।
ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
গতকাল (২৮ অক্টোবর) শনিবার রাতে আব্দুল গফুর রাসেল নামের এক ব্যক্তি নওগাঁ সদর মডেল থানায় মামলাটি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল গফুর নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন।
আজ রোববার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় তাজ সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণ ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনায় স্থানীয় তিন ব্যক্তি আহত হয়েছেন। গতরাত রাত ১২টার পর ওই ঘটনায় আব্দুল গফুর নামে এক ব্যক্তি বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নতুন এই মামলায় সংযুক্তি দেখিয়ে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গতকাল রাতে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে শহরের মুক্তির মোড়ে শান্তি সমাবেশ সফল করার উদ্দেশে নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় তাঁর সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে শহরের তাজের মোড় এলাকায় তাজ সিনেমা হলের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত ভাবে তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান।
পরে তাঁদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিন নিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল,
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন রোমিও, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























