পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণের ফলে তিস্তা নদীর পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। রেকর্ড অনুযায়ী, পানির সমতল ছিল ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। একই সাথে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানিয়েছেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বাড়তে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে যাতে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
মন্তব্য করুন