কারাগারে গেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন
- আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৩১৫৮ বার পড়া হয়েছে
কারাগারে গেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন
কারাগারে গেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন।
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের নামে মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতনের মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই আদেশ দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, সাবেক ডিসি সুলতানা পারভীন মঙ্গলবার সকাল সোয়া ১১টায় আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন। প্রথমে তিনি কাঠগড়ায় না উঠে বাইরে দাঁড়িয়েছিলেন, তখন সাংবাদিক আরিফের আইনজীবী বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে তাকে কাঠগড়ায় নেয়া হয়।
পড়ুন>> নীলফামারীর ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনীর সংঘর্ষে যুবক নিহত
তার পক্ষে অ্যাডভোকেট ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী জামিনের জন্য শুনানি করেন।
অন্যদিকে, সাংবাদিক আরিফের পক্ষে আজিজুর রহমান দুলুসহ জেলা বারের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
আদালত প্রায় সোয়া এক ঘণ্টা উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনেন এবং পরে মধ্যাহ্ন বিরতি দেন। দুপুর আড়াইটায় আবারও শুনানি শুরু হয়। শুনানি শেষে এবং মামলার এজাহার পর্যালোচনা করে আদালত সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কারের খবর প্রকাশের পর মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বসতবাড়ি থেকে তুলে নিয়ে পেটানো হয়েছিল। পরে মাদক রাখার অভিযোগ দেখিয়ে এক বছরের কারাদণ্ড এবং জরিমানা প্রদানের নির্দেশ দেয়া হয়। দীর্ঘ প্রতিক্রিয়া ও প্রতিবাদের পরে একদিন পর আরিফকে জামিন দেয়া হয়েছিল।
পড়ুন>> প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএ এর অ্যাকাডেমিক প্রোগ্রামে যোগদান
পরে সাংবাদিক আরিফ কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ তিন ম্যাজিস্ট্রেট ও অজ্ঞাত ৩০–৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়। দীর্ঘ পাঁচ বছর তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।
আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক আরিফ বলেন, বিনা অপরাধে আমাকে মধ্যরাতে স্ত্রী-সন্তানদের সামনে থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। ন্যায় বিচার পাওয়ার আশায় দীর্ঘ পাঁচ বছর ধরে অপেক্ষা করছি।
আজ প্রাথমিকভাবে আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। এটি প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি, এটি দেশের সাংবাদিক সমাজ, আমার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য স্বস্তির খবর। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবো এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকসহ কোনো নাগরিকের ওপর বেআইনি পদক্ষেপ নিতে না পারে।
পড়ুন>> কাউনিয়ায় বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, হাইকোর্টের নির্দেশে করা সাংবাদিক আরিফের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুরের আদেশে আমরা বাদী পক্ষ হিসেবে সন্তুষ্ট। এই আদেশ বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে থাকবে।
আদালতে আত্মসমর্পণের পর সুলতানা পারভীন জামিন আবেদন করেন, তবে আইন অনুযায়ী সশরীরে উপস্থিত না হওয়ায় তার জামিন আবেদন বাতিল হয়। মঙ্গলবার পুনরায় জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যান্য অভিযুক্তরা এখনও আদালতে আত্মসমর্পণ করেননি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























