রাণীশংকৈল কাতিহার হাটে জাল টাকাসহ জয়পুরহাটের সোহেল আটক।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বৃহৎ সাপ্তাহিক পশুর হাট কাতিহারে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ৪টি এক হাজার টাকার জাল নোটসহ সোহেল রানা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে উপস্থিত জনতা। সোহেল জালনোট সরবরাহকারি প্রতারক চক্রের একজন সদস্য বলে সে স্বীকার করেছে।
বিষয়টি স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জালনোট রাখার অপরাধে ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়।
সোহেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মৃত. মোফাজ্জল হোসেন ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাটবাজারে জাল নোট ছড়িয়ে আসছিলেন। জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, এ নিয়ে তার বিরুদ্ধে থানায় বিশেষ আইনে একটি মামলা রুজু করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply