কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানাধীন কামাত আঙ্গারীয়া এলাকা থেকে মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিয়ামুল আরিফ এলাকায় মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং নানান অপকর্মে জড়িত ছিলেন। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট ছিল। এলাকায় তিনি “মাদক সম্রাট” হিসেবে পরিচিত ছিলেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। এমনকি প্রশাসনও তাকে ভয় করত।
গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরীর ছোট ভাই।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা এবং সাবেক গভর্নর, এম পি মৃত সামছুল হক চৌধুরীর পুত্র।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply