উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করার পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা ছড়িয়ে পড়ে। কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভস্থ গ্যাস বের হয়ে লাগা আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস বের হতে থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর একটি ফায়ার টিম ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে তারা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে একযোগে কাজ করছেন।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মাইকিং করে সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, গ্যাসের কারণে লাগা আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গত তিন দিন ধরে ওই বাড়িতে নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং এরপর থেকেই সেখানে আগুন জ্বলতে থাকে।
সূত্র: দৈনিক আমার দেশ

























