ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার
- আপডেট সময় : ০৭:৩৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকেন্দ্রিক প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং সীমানা নিয়ে উদ্ভূত সম্ভাব্য আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট সব জেলা প্রশাসকের পাশাপাশি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
পড়ুন>>ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক
মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের যে নীতিমালা রয়েছে, তা এখন থেকে স্থগিত থাকবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত সব ধরনের কার্যক্রমও বন্ধ রাখতে বলা হয়েছে।
স্থগিতাদেশের আওতায় ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাবিষয়ক স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা পুনর্গঠন সংক্রান্ত স্মারক কার্যকর থাকবে না। অর্থাৎ, ওই স্মারকগুলোর অধীনে বর্তমানে চলমান সব কার্যক্রমও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
























