একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা। নতুন ৮টি প্রকল্পের পাশাপাশি ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্পও এই তালিকায় রয়েছে।
একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি সাংবাদিকদের জানান, সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যেমন- ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (৩য় সংশোধন)’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদিত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ এবং তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’, পানি সম্পদ মন্ত্রণালয়ের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প এবং ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি জরিপ পদ্ধতি স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সভায় অনুমোদন পেয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো-‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা’।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন রংপুর বিভাগের সড়ক প্রশস্তকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো দুটি বৃহৎ প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় পরিকল্পনা মন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা ক্যান্টনমেন্ট ও কুর্মিটোলা বিএএফ শাহীন কলেজের অবকাঠামো নির্মাণ, আলীকদম সেনানিবাসে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উন্নয়ন এবং ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রকল্প।
একনেকের সভায় উপস্থাপিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মিরপুর ইউসেপ-শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট স্থাপন, ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এবং কুড়িগ্রামে ধরলা নদীর তীর সংরক্ষণ। এছাড়া হবিগঞ্জে কুশিয়ারা নদীর প্রতিরক্ষা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ এবং ২৩টি পৌরসভায় পানি ও স্যানিটেশন প্রকল্পের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুমোদনের তালিকায় ছিল।
তালিকায় আরও রয়েছে ভূয়াপুর-তারাকান্দি মহাসড়ক প্রশস্তকরণ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























