আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের আইনি সময়সীমা অতিক্রান্ত হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপিল করতে হয়। যেহেতু শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আইন এটি, তাই এই বিধান সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তিনি স্পষ্ট করেন, বর্তমানে পলাতক এই আসামিকে দেশে ফিরতে হলে বিদ্যমান আইন মেনেই ফিরতে হবে।
পড়ুন>>যশোরের ঝিকরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ২১ ধারার উপধারা (১) অনুযায়ী, ট্রাইব্যুনালের দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনের অধিকার রাখেন। তবে ২০১৩ সালের সংশোধনীসহ এই আইনের উপধারা (৩) অনুযায়ী, রায় বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করা বাধ্যতামূলক। এই নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আপিলের সুযোগ আর অবশিষ্ট থাকে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পড়ুন>>প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই
ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনকারীদের ওপর উসকানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিশ্চিতকরণ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করা হয়। আদালত তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে কোনো আপিল দায়ের করেননি।
এই আইনি পরিস্থিতি নিয়ে এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, নির্ধারিত সময়ের পর বিলম্ব মার্জনার আবেদন আপিল বিভাগ গ্রহণ করবেন কি না, তা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও নিশ্চিত করেছেন যে, আইনি সময়সীমা পার হওয়ায় শেখ হাসিনার আপিলের সুযোগ এখন শেষ। ফলে আইনে নির্ধারিত আপিলের সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























