বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে মোট ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ওমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ওমান সরকার ৫ হাজার কৃষিকর্মী এবং ৫ হাজার মৎস্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। নিয়োগের প্রক্রিয়া ও বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সফরকালে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত রূপ দেবেন।
শামা ওবায়েদ আরও বলেন, ওমানের অর্থনীতির বিভিন্ন খাতে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে ঢাকা বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওমান সরকারও এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে এবং উভয় দেশ এ নিয়ে কাজ করছে। তবে তিনি স্বীকার করেন যে, আগের সরকারের মেয়াদে সৃষ্ট জটিলতার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা ব্যবস্থা এখনো সীমিত রয়েছে। এই শ্রমবাজার পুনরুদ্ধারে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সমস্যাগুলো সমাধানে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রাখছে। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভের দায়ে সংযুক্ত আরব আমিরাতে দুই শতাধিক বাংলাদেশি আটক হয়েছিলেন। দেশটির আইন অনুযায়ী সেখানে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
পরবর্তীতে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, ভিসা বাতিল ও নথিপত্র সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও বর্তমানে একই ধরনের ভিসা জটিলতার মুখোমুখি হচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য করুন