ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মেটানো এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ডেনমার্কের সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো খাতে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)। এই প্রকল্পে ডেনমার্ক সরকার মোট সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ সহায়তা হিসেবে প্রদান করা হবে।
বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের এই অংশগ্রহণ সরকারের জন্য বড় একটি সাফল্য। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট অনেকাংশে লাঘব হবে।
উক্ত বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা উন্নয়ন প্রকল্পগুলোতে ডেনমার্কের বিনিয়োগ ও কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণে একমত পোষণ করেছেন।
সূত্র: দৈনিক এদিন
Leave a Reply