নতুন বাংলাদেশ গড়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
- আপডেট সময় : ০৮:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নতুন বাংলাদেশ গড়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুধবার (২২ জুলাই) সকালে নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যা কলুষিত করা উচিত নয়। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব ভুল-ত্রুটি ভুলে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করুন। তিনি বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়।
আমি আপনাদের অনুরোধ জানাব, আমার কাজেও ভুল থাকতে পারে, সেগুলোও তুলে ধরুন। গঠনমূলক সমালোচনা করলে আমি নিজেকে শোধরাতে পারব। সাংবাদিকতাকে পুঁজি করে কেউ অপসাংবাদিকতায় জড়িয়ে পড়বেন না। আপনারা জাতির বিবেক, আসুন সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলি।
পড়ুন>>ম্যানিলায় চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমানে তথ্যের প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেড়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা। তিনি উল্লেখ করেন, এআই প্রযুক্তি সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
পড়ুন>> বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই
পিআইবির এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। এছাড়া সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ানো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। আগামী ২৪ জুলাই বিকালে সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণ শেষ হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















