দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া শিল্পের টেকসই উন্নয়নে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন। ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে পোশাক শিল্পের সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সরকার সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। পোশাক শিল্পের বিকাশে অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। তিনি বিজিএমইএর কাছে সহযোগিতা কামনা করে বলেন, এ শিল্পের বিকাশে যা যা করা দরকার সরকার তা করবে। জনগণের এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতেই এই সরকার দায়িত্ব নিয়েছে।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply