মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ডে ৩১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি জ্বালানিবাহী লরি। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রিং রোডে লরিটি উলটে গিয়ে এর ভেতরে থাকা দাহ্য পদার্থ ছড়িয়ে পড়লে পাশের অন্তত ২০টি যানবাহনে আগুন ধরে যায়। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২১ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় সন্ধ্যায় ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে দমকল বাহিনীকে সতর্ক করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তা আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা করেন। অগ্নিকাণ্ডের ফলে রিং রোডের ওই গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত পথটি বন্ধ করে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া কয়েক ডজন অ্যাম্বুলেন্সের মাধ্যমে হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার তদন্তে কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















