কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পৌরসভার টিএনটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষকের নিজ বাসায়।
ভুক্তভোগী ছাত্রের বাবার দায়ের করা মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক (৪০) সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক ছাত্রটিকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় তার পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। পরে রাত গভীর হলে ছাত্রটির সঙ্গে একই কক্ষে অবস্থান করে তিনি অনৈতিক আচরণ শুরু করেন। অভিযোগে বলা হয়, ছাত্রটি আপত্তি জানালে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় এবং একপর্যায়ে জোরপূর্বক বলাৎকার করা হয়।
ভুক্তভোগী ছাত্রের চিৎকারে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। রাতভর নির্যাতনের পর ভোরে তাকে গোসল করিয়ে পুনরায় স্কুলের আবাসিকে রেখে অভিযুক্ত পালিয়ে যান।
পরে অসুস্থ অবস্থায় ছাত্রটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে ফিরে আসে এবং ঘটনার বিস্তারিত জানায়। পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এখনও সে আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ—ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তের লোকজন তাদেরকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় শিক্ষক নুর ইসলাম বলেন, “একজন শিক্ষক হয়ে ছাত্রের সঙ্গে এমন আচরণ অকল্পনীয়। এরকম ঘটনার কঠোর শাস্তি না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।” অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। তবে বৃত্তি পরীক্ষা চলমান থাকায় এখনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি; পরীক্ষা শেষে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, “এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে, তবে এখনো তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।”
Leave a Reply