তুমি বললে -মাসুদ আল করিম
তুমি বললে অরণ্য হয়ে যাও
আমি দাঁড়িয়ে রইলাম অনন্তকাল মৃত গাছের মতো ঠায়,
সারা দেহে আমার না জন্মালো পাতা
না জন্মালো ডালপালা।
তুমি বললে নদী হয়ে যাও
আমি ছুটলাম পাহাড় থেকে সমভূমি অবধি।
কখনো মন্থর কখনোবা দ্বিগুণ গতিতে
অবশেষে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়লাম।
তুমি আকাশ হতে বললে, একদিন আমায়
আমি দু’চোখ মেলে রইলাম সারাবেলা,
দুচোখে না জমলো মেঘ
না উড়লো বিহগের দল।
এমনি করে ব্যর্থ হলাম, বার বার তোমার প্রত্যাশা
মেটাতে।
আমি জল হয়ে পড়লাম
আকাশ থেকে মাটিতে।
ধুয়ে গেলো হৃদয়ের রাজপথ।
বিন্দু বিন্দু করে গড়ে উঠলো সিন্ধু।
সেই বিষাদ সিন্ধু বয়ে চলছে আজো।
কিনারায় বসে আমি প্রহর গুনছি
শেষ বিদায়ের।
পড়ুন>>
Leave a Reply