খুলনায় সন্ত্রাসীর গুলিতে সাংবাদিক নিহত।
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার বাসিন্দা ও বজলু রহমানের ছেলে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এমদাদুল হক মিলন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply