উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- আপডেট সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে ঠিকাদারদের অবহেলা, অকারণে কাজ ফেলে রাখা এবং তদারকির চরম ঘাটতি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অনেক ক্ষেত্রেই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পর বছরের পর বছর কাজ শুরু করে না। এমনকি কাজ শুরু হলেও পরবর্তীতে তাদের খুঁজে পাওয়া যায় না, যা প্রকল্পের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে নিয়মিত কাজ পরিদর্শন ও কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন।
এর আগে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সড়কের বেহাল দশা তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সড়ক, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে সুফল মিলছে না। ফুলবাড়িয়ার সনকান্দা সড়কটি এক বছর ধরে খানাখন্দে ভরা, অথচ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই চিত্র মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও। তিনি কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান।
সংসদে উঠে আসা রাস্তার পাশে পুকুর খননের বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মো. কামরুল হাসান। তার অভিযোগ, সড়ক সংলগ্ন পুকুর খননের কারণে রাস্তা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক সময় নির্মাণের ছয় মাসের মধ্যেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানে রাস্তা থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তার মতে, পুকুর খননের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলে সড়কের স্থায়িত্ব বহুগুণ বাড়বে।
নিজের নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এটিকে ‘ভয়াবহ অবস্থা’ হিসেবে বর্ণনা করেন। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতি ও মনিটরিং বাড়ানোর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও জনগণের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রকল্প অসমাপ্ত রেখে ঠিকাদারদের লাপাত্তা হওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























