ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ
- আপডেট সময় : ০৯:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামের এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রবেন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে এবং ভালুকায় ভাড়া বাসায় থেকে সেলুনের ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী সূচিত্রা জানান, অভিযুক্ত সাদ্দাম প্রায়ই নেশার খরচ জোগাতে তাঁর স্বামীর কাছে টাকা দাবি করতেন এবং চুল কাটার টাকা পরিশোধ করতেন না। বেশ কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং সেবা নিতে বাধা দেওয়ায় সাদ্দাম ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। সূচিত্রার অভিযোগ, ইতিপূর্বে সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলেন এবং সেই বিরোধের জেরেই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সাদ্দাম প্রথমে সেলুনের ভেতর ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করে রবেন্দ্র দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে উপর্যুপরি আঘাত করা হয়। এরপর পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নিতে গেলে সেখানে পুনরায় আক্রমণের শিকার হন তিনি, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক ও পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: রাইজিংবিডি
























