তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বললেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
- আপডেট সময় : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে তারা একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা রূপান্তরমূলক নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।
সম্মেলনের বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী দিনব্যাপী নানা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়েছে। এ ছাড়াও ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান, কুয়েত ও মলদোভার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একান্ত সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এছাড়া ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি মতবিনিময় করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এসব সাক্ষাৎ ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। বিশ্বনেতারা বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেটকে অভিনন্দন জানিয়েছেন। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এসব আলোচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও খুব দ্রুত বাংলাদেশ ভ্রমণের আগ্রহ ব্যক্ত করেছেন।
সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ থেকে সহায়তার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে, যেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎটি ব্যক্তিগত ও সৌজন্যমূলক ছিল, কারণ প্রধানমন্ত্রী দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেছেন।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এই সফর নিয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, যার প্রেক্ষিতে আগামী বছরের কোনো এক সময়ে দেশটি সফরের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের মতো সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এ সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা জরুরি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। এতে রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। হুমায়ুন কবির আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা মুসলিম বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























