চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে কিছুটা চাপের মুখে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
রাজস্ব আয়ের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, আয়কর ও শুল্ক—উভয় খাত মিলিয়ে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের গতি সাময়িকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে আসার পর ভ্যাট আদায়েও গতিশীলতা ফিরবে বলে তিনি আশাবাদী। প্রথম প্রান্তিকের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি আরও উন্নত হবে এবং বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে মনে করেন তিনি।
নতুন বেতন কাঠামোর কারণে সরকারি ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আয়ে ধীরগতিতে কোনো চ্যালেঞ্জ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বছরের শুরুতে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সরকারি খরচের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপ্রয়োজনীয় কোনো ব্যয় সরকার করছে না এবং জনগণের করের টাকার সঠিক ব্যবহারের বিষয়ে সরকার সচেষ্ট।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ ও কর্মসূচি চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেন, এখানে ঋণ পাওয়াটাই একমাত্র লক্ষ্য নয়; এটি একটি বড় প্যাকেজ কর্মসূচির অংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থার পাশাপাশি বন্ডের মাধ্যমেও অর্থায়ন কার্যক্রম চলমান রয়েছে। আইএমএফ-এর প্রতিনিধি দলের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং আগামী জানুয়ারির মধ্যেই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার ও পৃথকীকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বিষয়টি নীতিগতভাবে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটি আইন অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























