কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।
রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিন সৈনিক-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply