কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে প্রমোদতরি ডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে দুর্ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী দল সাগরে তল্লাশি চালিয়ে তার মরদেহ খুঁজে পায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার সকালে ‘আইল্যান্ড গার্ল’ নামের প্রমোদতরিটি প্রবল ঢেউ ও স্রোতের তোড়ে মহেশখালী চ্যানেলের মোহনায় ভেঙে দুই টুকরো হয়ে যায়। এ সময় নৌকায় থাকা নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান।
স্থানীয় বাসিন্দা ও জেলেদের তাৎক্ষণিক সহায়তায় আলবার্টের বাবা ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, মা ৩৬ বছর বয়সী বেলা এবং ১৩ বছর বয়সী ভাই রালফকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আলবার্ট নিখোঁজ ছিল।
দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে মঙ্গলবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট অভিযানে যোগ দেয়।
স্থানীয় জেলেরা নিজস্ব নৌকায় তল্লাশিতে অংশ নেন। প্রায় আড়াই বছর ধরে পরিবারটি এই প্রমোদতরিতে বসবাস করে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় ভ্রমণ করছিল। প্রায় দুই বছর আগে নির্মিত বোটটিতে দীর্ঘমেয়াদী বসবাসের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছিল, কিন্তু সাগরে প্রবেশের পরপরই প্রতিকূল আবহাওয়ায় এটি দুর্ঘটনার কবলে পড়ে।
Leave a Reply