সম্প্রতি আধ্যাত্মিক সফরে পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তিনি কেবল নিজের জন্য নয়, বরং নিজের দেশের নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিশেষ প্রার্থনা করেছেন। তিনি সৃষ্টিকর্তার কাছে আকুতি জানিয়েছেন, যেন দেশ ও দেশের মানুষকে বিপথগামী ব্যক্তিদের হাত থেকে রক্ষা করা হয়। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য তিনি প্রার্থনা করেন। দেশের রাজনৈতিক নেতাদের প্রতিও তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রার্থনার সময় রাখি দেশের সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। আইফোন কেনার আবদার মেটাতে না পারায় পারিবারিক অশান্তির জেরে এক পরিবারের তিন সদস্যের প্রাণ হারানোর ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি তরুণদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন। রাখি তরুণদের পরামর্শ দিয়ে বলেন, দামি গ্যাজেট বা আইফোনের মতো বিলাসিতার জন্য বাবা-মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া উচিত নয়।
তরুণ প্রজন্মকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, নিজের উপার্জিত অর্থ দিয়ে ভবিষ্যৎ ও জীবন গড়ে তোলাই প্রকৃত সার্থকতা। বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ববোধ ও শ্রদ্ধাশীল হওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
নিজের ধর্মীয় পরিচয় নিয়ে রাখি সাওয়ান্ত জানান, তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন, পরবর্তীতে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে তিনি সব ধর্মকেই সমান শ্রদ্ধা করেন। মক্কার এই সফরে নিজের প্রার্থনার মধ্য দিয়ে তিনি শিক্ষা, সততা এবং পারিবারিক মূল্যবোধের ওপরই বিশেষভাবে আলোকপাত করেছেন।
Leave a Reply