কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাটি খননের সময় একটি মরিচাধরা হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে পুলিশ বিষয়টি নিজের হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার জমিতে খাল খননের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো মনে হলে তারা তা জমির মালিকের কাছে জমা দেন।
মালিক বিষয়টি ভুরুঙ্গামারী থানার পুলিশকে জানালে, ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত বস্তুটির মাথায় ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিক ধারণা, এটি হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।
ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, বস্তুটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Leave a Reply