পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী
- আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী
জনগণের ওপর গণহত্যা চালিয়ে যারা বিদেশে পালিয়ে গেছে, আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই কর্মসূচির আয়োজন করে।
পড়ুন>>নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর এক মন্তব্যের কথা উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের সুযোগ নেই।
অথচ এখন শত শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালানো ব্যক্তিরা প্রকাশ্যে এনআইডি ও পাসপোর্ট সুবিধা চাইছেন। এ সময় তিনি আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে এসব মানবতাবিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান।
তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পঙ্গুত্বের মুখোমুখি হওয়া তারেক রহমান শারীরিক চিকিৎসার জন্য সব নিয়ম মেনে বিদেশে গিয়েছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে যান। ফলে পলাতক অপরাধীদের কোনোভাবেই এসব নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
পড়ুন>>তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশবাসী আর কোনো প্রহসন বা মধ্যরাতের ভোট চায় না। জনগণের প্রতিনিধিত্বশীল বর্তমান সরকার সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আদালতকে মানুষের শেষ ভরসাস্থল হিসেবে গড়ে তুলবে।
বিজ্ঞানমেলায় অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন রিজভী। তাদের সৃজনশীলতাকে সঠিক পরিচর্যা দিলে ভবিষ্যতে তারা বাংলাদেশের আইনস্টাইন ও নিউটন হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























