পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান নিজ বাড়ি থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ভোরে বাড়িতে তার উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর সকাল ৯টার দিকে তাকে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মোশাররফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল এবং আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার।
আদালত ও থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ নভেম্বর রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ মোট ১৯ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া ওই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি দেখানো হয়েছে।
নাঈমুজ্জামান ভুঁইয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পলাতক থাকার পর আইনি প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























