দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় ও
- আপডেট সময় : ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তর বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি কার্যত নিরাপত্তা দুর্গে পরিণত হয়েছে। বিক্ষোভ সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই রাজধানীতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতারাতি সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং প্রতিবাদস্থলের আশপাশ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভ মোকাবেলায় ৪০,০০০-এরও বেশি দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তরমুখী সব রাস্তায় ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসিয়ে দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে। অভিজিৎ দীপকে ও টিম সিজেপি প্রতিবাদের জন্য যন্তর মন্তরের দিকে রওনা হওয়ায় কর্তৃপক্ষ দিল্লিতে নিরাপত্তা জোরদার করতে ড্রোন মোতায়েন করেছে।
বিক্ষোভের প্রতিক্রিয়ায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশনা অমান্য করার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, জনপথ ও কর্তব্য পথ ক্রসিংয়ের ৪ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীর যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। দিল্লি মেট্রোর রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীর গেটসহ মোট ৪৫টি স্টেশনের গেট তালাবদ্ধ রাখা হয়েছে। রেল যোগাযোগেও বড় প্রভাব পড়েছে; এদিন ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আকাশপথে ড্রোনের নজরদারিও চালানো হচ্ছে।
সিজেপি নেতা অভিজিৎ দীপকে শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন। পথিমধ্যে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু সরকার এতে বাধা সৃষ্টি করছে, যা তাদের ভীতি ও দুর্বলতার বহিঃপ্রকাশ।
সূত্র: মানবজমিন























