ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে দুই চিকিৎসকসহ প্রাণ গেল চারজনের, আহত অন্তত ১৪।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সড়কের হাঁসাড়া ব্রিজের ঢালে, সিংপাড়া-নওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং একটি ট্রাকের হেলপার।
নিহতরা হলেন—জিল্লুর রহমান (৬৫), ডা. জালাল (৬৪), ডা. আ. হালিম (৫৫) তিনজনই যশোর সদর উপজেলার বাসিন্দা এবং পণ্যবাহী ট্রাকের হেলপার মো. হাসিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার যশোর থেকে ঢাকাগামী ‘হামদান এক্সপ্রেস’ নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালায়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের রেলিংয়ে ধাক্কা খায়, পরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।”
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply