জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব
- আপডেট সময় : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিরোধী দল থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত মেয়াদে পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রয়োজনে এর সময়সীমা বাড়ানো হতে পারে।
অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত আইনগুলো উল্লেখযোগ্য।
পড়ুন>বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান
বিশেষ করে সম্পত্তি হস্তান্তর আইনের বিষয়ে চিফ হুইপ জানান, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বজায় রাখতে পারবেন। মূলত সন্তানের অবহেলা থেকে বাবা-মাকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবিধান সংশোধন ও জুলাই সনদের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনি ইশতেহারের ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, যার ভিত্তিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।
সংবিধানের প্রতিটি ছোটখাটো পরিবর্তনও সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হবে। এই লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে, যেখানে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য ছোট দল থেকে একজন করে সদস্য রাখার পরিকল্পনা করা হয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলে তাদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
পড়ুন>>তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক
এদিকে, সংসদ অধিবেশনকে ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং বিশৃঙ্খলা এড়াতে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। চিফ হুইপ আশা প্রকাশ করেন যে, এই অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























