কার সঙ্গে বিয়ে হতে চলেছে মিমি চক্রবর্তীর?
- আপডেট সময় : ০৭:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকলেও নিজের প্রেম বা বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তিনি। তবে তার বিয়ের সম্ভাবনা নিয়ে টালিপাড়ায় বেশ জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই বছরের ডিসেম্বরেই হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় তারকা।
গুঞ্জন রয়েছে, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি সিনেমার জগতের মানুষ নন, বরং পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার ছেলে সিদ্ধার্থ ক্যালকাটা বয়েজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে কর্মরত এবং ২০০৮ সালের মার্চ মাস থেকে যুক্তরাজ্যের বহুজাতিক প্রতিষ্ঠান ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এ সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত রয়েছেন।
মিমির বিয়ে নিয়ে বিভিন্ন তথ্যে জানা গেছে, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে তার বিয়ের অনুষ্ঠান হতে পারে। জলপাইগুড়ির মেয়ে মিমির ব্যক্তিগত এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। পূজা চলাকালীন সময় থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে টালিপাড়ায় জোর আলোচনা শোনা যাচ্ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে মিমির সঙ্গে তাকে দেখা গেছে বলে দাবি করছেন অনেকে। ভাইরাল হওয়া ওই ছবিতে মিমির বন্ধুদের মাঝেও তাকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে সম্পর্ক বা বিয়ের তারিখ নিয়ে মিমি চক্রবর্তী কিংবা তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ডেইলি বাংলাদেশ


























