সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব
- আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাল্যবিবাহ নির্মূল করা বর্তমান সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষসহ সরকারের প্রতিটি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সব মন্ত্রণালয়ের মূল লক্ষ্যই হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। সরকারের প্রতিটি বিভাগ যদি নিজস্ব কর্মসূচির পাশাপাশি একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করে, তবেই সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্তি মিলবে। আমরা সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হবে। সেই লক্ষ্য নিয়েই প্রতিটি মন্ত্রণালয় পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়নে কাজ করে।
রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সুশীল সমাজ ও এনজিওদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে বর্তমান বরাদ্দ ও অর্থ দিয়ে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এ জন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মতৎপরতার চিত্র তুলে ধরে জানানো হয়, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। পরিসংখ্যান অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কিছুটা কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। তবে বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব পরিচালনার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন সদস্য নিয়ে গঠিত এই ক্লাবগুলোর প্রচেষ্টায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে।
এই উচ্চপর্যায়ের সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল অ্যাব্রিউক্স। আয়োজক হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং ইউনিসেফ যৌথভাবে এই কর্মশালার সমন্বয় করে।

























