বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর
- আপডেট সময় : ০৮:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর
লক্ষ্মীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এম এ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথিত ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় তিন মিনিটের ওই অডিওতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা, গেরিলা বাহিনী গঠন এবং প্রতিপক্ষের ৮ থেকে ১০ জনকে হত্যার নির্দেশ দেওয়ার কথা শোনা যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সংবাদমাধ্যম কালবেলার হাতে আসা ওই রেকর্ডিংয়ে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে বিপ্লবকে এসব পরিকল্পনার কথা বলতে শোনা যায়।
পড়ুন>>রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফাঁস হওয়া অডিওতে বিপ্লবকে বলতে শোনা যায়, এলাকায় পাঁচ-ছয়টি বিশ্বস্ত গেরিলা দল গঠন করে তাদের প্রতিষ্ঠিত করতে হবে। এসব দলের কাজ হবে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ ৮ থেকে ১০ জন নেতাকর্মীকে হত্যা করা। এ জন্য নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে হামলার প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে বাড়িঘরে আগুন দেওয়া ও হামলার প্রসঙ্গ আসে। তবে হামলার সময় কোনো বাড়িতে পবিত্র কোরআন শরিফ, জায়নামাজ ও টুপি থাকলে সেগুলো সরিয়ে নেওয়া এবং নারী, শিশু ও বয়স্কদের যেন ক্ষতি না হয়, সে বিষয়ে নির্দেশনা দিতে শোনা যায় তাকে। পাশাপাশি প্রতিপক্ষের লোকজনকে হত্যা এবং পাল্টা প্রতিশোধ নেওয়ার কথাও রয়েছে ওই কথিত ফোনালাপে।
পড়ুন>>জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন
অডিওর আরেক অংশে বিপ্লবকে বলতে শোনা যায়, পাঁচ-ছয়টি গেরিলা দল গঠন করে তাদের নিজের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে সংকেত দিয়ে তাদের মাধ্যমে হামলা চালানো হবে। এসব বিষয় যেন সবাই জানতে না পারে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
কথিত ফোনালাপের শুরুতে মামুনের সঙ্গে নিজের ও অন্যদের ভালো থাকার কথা জানিয়ে দোয়া চান বিপ্লব। এ সময় তিনি জানান, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার ভাই টিপুকে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর গত সাত-আট বছর ধরে সংগঠনের কার্যক্রম এলোমেলো অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন।
বিপ্লবকে বলতে শোনা যায়, আগে রাজনীতি না করে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার এবং পৌরসভার উন্নয়নে কাজ করার পরিকল্পনা ছিল তার। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে ভাই টিপুর পাশে থেকে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন>>সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
এ ছাড়া লক্ষ্মীপুরের দুই-তিনটি ইউনিয়ন থেকে দেড় শতাধিক লোক জড়ো করে ব্যানার নিয়ে স্বল্প সময়ের একটি মিছিল করার পরিকল্পনার কথাও বলেন বিপ্লব। মিছিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য মামুনকে লোকজনের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। ভিডিওতে শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও তার বাবা এম এ তাহেরের ছবি ব্যবহারের পরিকল্পনার কথাও উঠে আসে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আফতাব উদ্দিন বিপ্লব বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে থাকাকালে তিনি যে মোবাইল নম্বর ব্যবহার করতেন, সেটিও বন্ধ রয়েছে।
আরও পড়ুন>>কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রেকর্ডিংটি আমরা শুনেছি। এ বিষয়ে কাজ চলছে। আমরা তদন্ত করছি। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।”
আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।
২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী নুরুল ইসলামকে শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। আলোচিত এ হত্যা মামলায় ২০০৩ সালে বিচারিক আদালত বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব। পরে তার বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ডের সাজা মওকুফ করেন।
পরবর্তী সময়ে কামাল ও মহসিন হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তার নাম প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আলোচনায় আসেন বিপ্লব। পরে ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
জুলাই আন্দোলনে ১২ জন নিহতের মামলার আসামি
২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অন্য আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন।
শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। এসব মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব এবং তার দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছেন।
























