ভারত-বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে মার্কিন প্রশাসন
- আপডেট সময় : ০১:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ ও ভারতসহ ১৬টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে। মূলত শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরির অভিযোগে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। এই তালিকায় থাকা ১৬টি দেশ ও জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার বুধবার এই তদন্তের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন।
তদন্ত প্রক্রিয়াটি ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ই মার্চ শুরু হয়েছিল। মার্কিন কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো তাদের নিজস্ব শিল্প খাতে ব্যাপক ভর্তুকি ও সরকারি সহায়তা প্রদান করায় বিশ্ববাজারে সস্তা পণ্যের সরবরাহ বেড়েছে, যা মার্কিন উৎপাদকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট আগের বৈশ্বিক শুল্ক নীতি বাতিল করায় সরকার এখন নতুন এই পথ বেছে নিয়েছে। যদিও চূড়ান্ত শুল্কহার এখনো নির্ধারিত হয়নি, তবে সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুস জানান, ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব আসতে পারে। এছাড়া গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বিষয়ক তদন্তের জেরে এই দেশগুলোর ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যার সাথে নতুন এই শুল্ক যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নতুন শুল্কের ক্ষেত্রে প্রতিটি দেশের জন্য আলাদা হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে। চীনের সাথে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত শুল্ক বিরতি থাকলেও এরপর ২০ শতাংশ সীমা বাড়তে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক শুল্ক নাও বসতে পারে। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্যও এই শুল্কের আওতামুক্ত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
ভারত দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে, যেখানে তারা বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় কম শুল্ক সুবিধা পাওয়ার চেষ্টা করছে। এদিকে, অভ্যন্তরীণ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করা হচ্ছে। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় জয়ের পর রয়টার্সের এক জনমত জরিপে উঠে এসেছে যে, ৬২ শতাংশ মার্কিন নাগরিক বর্তমান শুল্ক নীতি বাতিলের পক্ষে মত দিয়েছেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























