পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন
- আপডেট সময় : ০৭:৫৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এই সমন যথাযথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তা চাওয়া হয়েছে।
নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ফেডেক্সের মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে এই সমনগুলো পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা হেগ কনভেনশনের আওতায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলের নামে সমন জারির নির্দেশ দেন। ভারতীয় আদালতগুলোকে তিনি এই আইনি নথি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পরে সেগুলো ভারতীয় আদালতের জারি করা সমনের মতোই কার্যকর করা সম্ভব।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, বিচারাধীন এই দেওয়ানি মামলায় বিবাদীদের কাছে নোটিশ পৌঁছানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ভারতীয় আদালতের সহযোগিতা একান্ত কাম্য।
উল্লেখ্য, পন্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ একাধিক অভিযোগ রয়েছে এবং ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো তাকে খুঁজছে। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনজীবী হিসেবে পরিচিত পন্নুন তার ওপর কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের এই দেওয়ানি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে অজিত দোভাল তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।
বিচারক ফাইলা তার আদেশে হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার ওপর ভিত্তি করে এই সমন জারির আইনি বৈধতা তুলে ধরেছেন। এর আগে গত মাসেও আদালতের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানোর মাধ্যমে সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এবার বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়েছে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুরু থেকেই এই মামলাটিকে ‘মনগড়া ও বিদ্বেষপ্রসূত’ বলে প্রত্যাখ্যান করেছে। গত ১০ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানান, ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে করা এই ভিত্তিহীন অভিযোগ ও মামলা ভারত গ্রহণ করবে না। ভিত্তিহীন মামলাও আমরা গ্রহণ করছি না।’।
জয়সওয়াল আরও উল্লেখ করেন, ভারতে বিচারিক নথি পাঠানোর একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আইন অনুযায়ী, এই ধরনের অনুরোধ শুধুমাত্র ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই আসতে হবে। অন্য কোনো উপায়ে পাঠানো নথি বা অনুরোধ গ্রহণ করা হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























