যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলা, নিহত ৬
- আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন স্থানে তীব্র বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্যমতে, এসব হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবার মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি প্রাণ হারান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর কাছাকাছি অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুটি করে মরদেহ গ্রহণ করেছে। একইদিনে দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবু লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার কয়েকটি নির্দিষ্ট স্থানে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে তারা অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার মধ্য গাজায় ট্যাংক নিয়ে পরিচালিত একটি বড় ধরনের স্থল অভিযান শেষ করার কথা জানায় ইসরাইলি বাহিনী। ওই অভিযানটি চালানো হয়েছিল মূলত হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় থাকা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করার উদ্দেশ্যে।
উল্লেখ্য যে, গাজার যে এলাকাগুলোতে এসব হামলা চালানো হয়েছে, সেগুলো বর্তমানে চলমান যুদ্ধবিরতির পর নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অবস্থিত। এই রেখাটির মাধ্যমে গাজায় ইসরাইলি বাহিনী ও হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো আলাদা করে রাখা হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























