নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান
- আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দায়িত্ব বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। তবে তার অনুপস্থিতিতে এই দায়িত্বগুলো পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পড়ুন>>আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন। তার অনুপস্থিতিতে এসব বিষয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সরকারের এই সিদ্ধান্তের ফলে জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।


























