পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক তরুণের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়। নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আকিব আর ফেরেননি। বুধবার ভোরে কে বা কারা তাকে আহত অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে রাজশাহী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা আনিসুর রহমানের অভিযোগ, আকিবকে মারধর করা হয়ে থাকতে পারে, কারণ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
Leave a Reply