২০২৬-২৭ অর্থবছর থেকেই ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন। নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী ও প্রতিবন্ধী সন্তানের অভিভাবকরা পাচ্ছেন অগ্রাধিকার।
সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। ২০২৬-২৭ অর্থবছর থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের একাধিক অভ্যন্তরীণ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আসন্ন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এই অর্থ দিয়ে নতুন প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বেতনের প্রায় অর্ধেক বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে প্রথম কিস্তির বড় অংশ ব্যয় করা হবে।
জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করেছে। এর একটি বড় অংশ প্রথম ধাপেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এতে নিম্ন আয়ের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্টরা।
অন্যদিকে, তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার ৫৫ থেকে ৭৫ শতাংশের মধ্যে রাখার চিন্তা করা হয়েছে, যাতে বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করা যায়।
এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সুবিধাটিও প্রথম ধাপেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি সকল পর্যায়ের কর্মচারীদের বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাবও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারি চাকরিজীবীদের প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক দুই হাজার টাকা ভাতা দেওয়ার সুপারিশ করেছে বেতন কমিশন। অর্থ বিভাগ এ প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং প্রথম ধাপেই এটি কার্যকর হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়িত হলেও নতুন পে-স্কেল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply