সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছে। একপর্যায়ে সে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ দশম শ্রেণির ছাত্র। তিনি লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার কাছে জানতে চান, সে কয় বিষয়ে ফেল করেছে। উত্তরে আরিফ জানায়, সে সাত বিষয়ে ফেল করেছে।
এ সময় আরিফ শিক্ষককে হুমকি দিয়ে বলেন, তাকে পরীক্ষায় বসতে না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য কোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সুযোগ দিলে স্কুলে তালা লাগিয়ে দেওয়ার হুমকিও দেয় সে। একপর্যায়ে তার সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন,
“টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে আমাদের সঙ্গে অসদাচরণ করে এবং কক্ষ তালাবদ্ধ করে দেয়।”
অভিযুক্ত শিক্ষার্থীর পিতা ও লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, “আমি এ ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি বিএনপির রাজনীতি করি, তবে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।”
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply