যাত্রীসেবার কথা বলেই একা নারীর আস্থাকে পুঁজি করে তাকে তুলে নেয়া হয় ট্রেনে। এরপর রংপুর এক্সপ্রেসের চলন্ত ট্রেনের টয়লেটেই ঘটে নারকীয় ঘটনা—ধর্ষণের শিকার হন ওই নারী যাত্রী। অভিযুক্ত ব্যক্তি আর কেউ নন, স্বয়ং রেলওয়ের দায়িত্বে থাকা এক এনাউন্সার!
ঘটনা বুধবার সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনে। সকাল সোয়া ৯টার দিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেসের ‘খ’ বগির এসি কেবিন (১২১৪ নম্বর) কোচের উত্তর প্রান্তের টয়লেটে এই বর্বরতা চালানো হয়।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা যায়, রেলওয়ের ডিউটিরত এনাউন্সার (পিএ অপারেটর) মো. সাইফুল ইসলাম (৩০) প্ল্যাটফর্মের একপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক নারীকে ট্রেনে সীট দেখিয়ে দেয়ার কথা বলে ট্রেনে তুলে নেন। গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নিয়ে যান কোচের ভিতরে।
এরপর সরাসরি টয়লেটের দিকে। দরজা বন্ধ। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট—চলতে থাকে নারীর কান্না আর আর্তনাদ।
ভিকটিম তখনও হার মানেননি। ট্রেন চলন্ত অবস্থায়, তিনি দ্রুত ঘটনা জানান ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে। অবস্থা বুঝে পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযান চালায় এবং ট্রেনেই গ্রেপ্তার করে অভিযুক্ত সাইফুল ইসলামকে। পরে তাকে এবং ভুক্তভোগী নারীকে ঢাকা রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, “অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।”
দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন কমলাপুর। প্রতিদিন হাজারো নারী-পুরুষ যাতায়াত করেন এখানে। কিন্তু যাদের হাতে যাত্রীসেবা ও নিরাপত্তা, তারাই যদি ভয়ংকর অপরাধে লিপ্ত হন, তবে যাত্রীরা আর কার ওপর ভরসা করবেন?
Leave a Reply