অযত্ন-অবহেলায় কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার
- আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
অযত্ন-অবহেলায় কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার
কুড়িগ্রাম জেলা শহরের মাঝেই অবস্থান কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজ’র। এই কলেজের প্রধান ফটকেই অবস্থিত জেলার প্রথম শহীদ মিনার। ১৯৫৩ সালে ভাষা শহীদদের স্মরণে গড়ে তোলা হয় এ স্মৃতি মিনারটি। তবে অযত্ন আর অবহেলায় সারা বছরই অরক্ষিত থাকে শহীদ মিনারটি।
ঠিকমতো স্মৃতিস্তম্ভটির রক্ষণাবেক্ষণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার ভাষা সৈনিকসহ সাধারণ মানুষেরা।
স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনারের যথাযথ মর্যাদা, পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করা হয় না। সারা বছর ঐতিহ্যবাহী এই শহীদ মিনার বেহাল অবস্থায় থাকলেও ২১ ফেব্রুয়ারিতে কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। তবে সেটি প্রয়োজনের থেকে খুবই সামান্য। ২১ শে ফেব্রুয়ারির কিছুদিন পর থেকেই আবার বেহাল হয়ে পড়ে শহীদ মিনারটি।
সম্প্রতি শহীদ মিনারটিতে গিয়ে দেখা যায়, অনেকে জুতা-সেন্ডেল পরেই শহীদ মিনারের বেদিতে ঘোরাফেরা করছেন। মিনারের মূল বেদিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে নোংরা ময়লা-আবর্জনা, সিগারেটের প্যাকেটসহ অসংখ্য উচ্ছিষ্ট অংশ। আর ময়লা-আবর্জনায় ভরে রয়েছে চারপাশ। শহীদ মিনারের পেছনে মূত্র ত্যাগ করছেন অনেকে।
শহীদ মিনারের গা ঘেঁষে গড়ে উঠেছে দোকান। আলো কমলেই বসে মাদকসেবীদের আড্ডা। দিনে ও রাতে হরহামেশাই শহীদ মিনারের মূল বেদিতে জুতা-সেন্ডেল নিয়ে ধূমপান করে মানুষ। জেলার প্রথম শহীদ মিনার এই কলেজ প্রাঙ্গণে গড়ে উঠলেও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জানেন না এর ইতিহাস। অথচ প্রায় ৬৯ বছর আগে নির্মিত শহীদ মিনারটিকে ঘিরে এক সময় সব কর্মকাণ্ড পরিচালিত হলেও এখন কেউ আর সেখানে যান না।
স্থানীয় বাসিন্দা ইকবাল রাব্বী বলেন,কুড়িগ্রামের প্রথম শহীদ মিনারটি আমাদের অনেক স্মৃতি বিজরিত এভাবে অযত্ন অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে, এই শহীদ মিনারটিতে যেন আগের মতো প্রাণচঞ্চল ফিরে আসে কতৃপক্ষের কাছে দাবি সেই পরিবেশ তৈরী করবেন।
তৎকালীন শহীদ মিনারটি তৈরিতে অংশ নিয়েছিলেন ভাষা সৈনিক, এডভোকেট আব্দুল করিম সরকার, তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় কুড়িগ্রাম ছিল মহকুমা। কুড়িগ্রাম হাই স্কুলের ছাত্ররাই সব আন্দোলনে অংশগ্রহণ করতেন এবং নেতৃত্ব দিতেন। ঢাকায় ২১ ফেব্রুয়ারির শোকাবহ ঘটনা এখানকার মানুষ জানতে পেরেছিলেন দুদিন পর। এরও কয়েকদিন পর কারমাইকেল কলেজে অধ্যয়নরত ভুরুঙ্গামারীর অধিবাসী মজিবর রহমান এখানে এসে উদ্বুদ্ধ করলে হাই স্কুলের প্রগতিশীল কিছু ছাত্র ঝাঁপিয়ে পড়েন ভাষা আন্দোলনে। মার্চ মাসের প্রথম সপ্তাহে ভাষা আন্দোলনের পক্ষে ছাত্ররা প্রথম সমাবেশটি করেন বাজারের কালীবাড়ির সামনের ফাঁকা জায়গায়। এরই ধারাবাহিকতায় কয়েকজন ছাত্র ঝুঁকি নিয়ে ১৯৫৩ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে চুপিসারে গড়ে তোলেন কুড়িগ্রামের এই প্রথম শহীদ মিনার।
শহীদ মিনারটির রক্ষণাবেক্ষণের বিষয় জানতে চাইলে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, আপাতত পৌরসভা থেকে সেটি সংস্কারের কোনো সুযোগ নেই। এটি কলেজ কর্তৃপক্ষের বিষয়।
কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলেন,মজিদা আদর্শ ডিগ্রি কলেজে একটি পুরাতন শহীদ মিনার রয়েছে। মুলত এটিই কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার।এছাড়াও কলেজে আরেকটি শহীদ মিনার রয়েছে।ফলে পুরাতন শহীদ মিনারটি অনেকটাই অযত্নে অবহেলায় পড়ে আছে।আমরা সিদ্ধান্ত নিয়েছি অতি দ্রুত গভর্নিং বডির মেম্বারদের সাথে কথা বলে পুরাতন শহীদ মিনারটি সংস্কার করার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























