বুলিং-র্যাগিংয়ে শিক্ষক জড়িত থাকলে ফৌজদারি ব্যবস্থা
- আপডেট সময় : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
বুলিং-র্যাগিংয়ে শিক্ষক জড়িত থাকলে ফৌজদারি ব্যবস্থা গ্রহন করা হবে।
পাঁচ ধরনের বুলিং-র্যাগিংকে সংজ্ঞায়িত করে নীতিমালা চুড়ান্ত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিংয়ের সঙ্গে কোনো শিক্ষক অথবা শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীর প্রত্যক্ষ অথবা পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন/বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তবে প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বুলিং ও র্যাগিং প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা চুড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রণীত নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের (আবাসিক হলসহ) কর্তৃপক্ষ তাদের নিজ নিজ অধিক্ষেত্রে বুলিং ও র্যাগিংয়ের ঘটনার বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন।
যদি এ ধরনের ঘটনা গোপন করেন তাহলে নিষ্ক্রিয়তার জন্য দায়ী হবেন। এছাড়া নীতিমালায় পাঁচ ধরনের বুলিং ও র্যাগিংকে সংজ্ঞায়িত করে তা হাইকোর্টে দাখিল করা হয়েছে।
প্রণীত নীতিমালাটি গ্রহণ করে তা তিন মাসের মধ্যে দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে নীতিমালা পাওয়ার ছয় মাসের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বুলিং-র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।
পাঁচ ধরনের বুলিং-র্যাগিংয়ের সংঙ্গা
মৌখিক বুলিং-র্যাগিং : কাউকে উদ্দেশ্য করে মানহানিকর/অপমানজনক এমন কিছু বলা বা লেখা, যা খারাপ কোনো কিছুর প্রতি ইঙ্গিত বহন করে- ইত্যাদিকে মৌখিক বুলিং বোঝাবে। যেমন- উপহাস করা, খারাপ নামে সম্বোধন করা বা ডাকা, অশালীন শব্দ ব্যবহার করা, গালিগালাজ করা, হুমকি দেওয়া, শারীরিক অসমর্থতাকে নিয়ে উপহাস করা বা অনুরূপ কার্যাদি।
শারীরিক বুলিং ও র্যাগিং : কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করা, চড়-থাপ্পড় মারা, শরীরে পানি বা রং ঢেলে দেওয়া, লাথি মারা, ধাক্কা মারা, খোঁচা দেওয়া, থুথু দেওয়া, বেঁধে রাখা, কোনো বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে/বসে বা বিশেষ অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া অথবা কোনো কিছু করতে বা না করতে বাধ্য করা, কারো কোনো জিনিসপত্র জোর করে নিয়ে যাওয়া বা ভেঙে ফেলা, মুখ বা হাত দিয়ে অশালীন বা অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করা বা অনুরূপ কার্যাদি।
সামাজিক বুলিং ও র্যাগিং : কারো সম্পর্কে গুজব ছড়ানো, প্রকাশ্যে কাউকে অপমান করা, ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, পেশা, গায়ের রং, অঞ্চল বা জাত তুলে কোনো কথা বলা বা অনুরূপ কার্যাদি।
সাইবার বুলিং-র্যাগিং :কারো সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটু কিছু লেখা বা ছবি বা অশালীন ব্যঙ্গাত্মক কিছু পোস্ট করে তাকে অপদস্ত করা বা অনুরূপ কার্যাদি।
সেক্সুয়াল বুলিং ও র্যাগিং : ইচ্ছাকৃতভাবে শরীরের বিভিন্ন স্থানে আপত্তিজনক স্পর্শ করা বা করার চেষ্টা করা বা ইঙ্গিতবাহী চিহ্ন প্রদর্শন করা, আঁচড় দেওয়া, জামা-কাপড় খুলে নেওয়া বা খুলতে বাধ্য করা বা অনুরূপ কার্যাদি।
এই পাঁচ ধরনের বুলিং-র্যাগিং ছাড়াও এমন কর্ম, আচরণ, কার্যাদি যা অসম্মানজনক, অপমানজনক ও মানহানিকর এবং শারীরিক/মানসিক যন্ত্রণার কারণ হতে পারে, তা যে নামেই হোক না কেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে।তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























