সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু এই পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের বিপুল জমায়েত ঘটে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রার কারণে শহরজুড়ে সৃষ্টি হয় ব্যাপক যানজট।
পদযাত্রাটি শহরের ঢাকা বাসস্টান্ড এলাকার জেলা স্টেডিয়ামের সামনে থেকে শহরের বালুডাঙ্গা বাস স্টান্ড পর্যন্ত হওয়ার কথা থাকলেও। পরে পদযাত্রাটি সংক্ষিপ্ত করে শহরের কেডির মোড় থেকে বালুডাঙ্গা বাস স্টান্ড পর্যন্ত করা হয়।
পদযাত্রাকে ঘিরে ঘিরে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের ঢাকা বাস স্টান্ড এলাকার জেলা স্টেডিয়াম মাঠের সামনে ফাঁকা জায়গায় জড়ো হতে থাকে।
পরবর্তীতে কেডির মোড় থেকে পদযাত্রা শুরুর সিদ্ধান্ত হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে জড়ো হওয়া লোকজন খন্ড খন্ডভাবে এসে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের (নান্নু) সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মামুনুর রহমান (রিপন), বেলাল হোসেন প্রমুখ।
পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, খাজা নাজিবুল্লাহ চৌধুরী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান।
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজকে নওগাঁয় ১০ হাজারের অধিক লোক জমায়েত প্রমাণ করে এই সরকারের দিন শেষ হয়ে এসেছে। সামনে কঠোর আন্দোলনের ডাক আসছে।
সেই সব আন্দোলন কর্মসূচিতেও বিএনপির কর্মী-সমর্থকেরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে। মরণপণ লড়াই ছাড়া এই সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আমরাও প্রস্তুত জীবন বাজি রাখার জন্য।
সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে শুরু করে পদযাত্রা রুটে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে পুলিশের পক্ষ থেকে পদযাত্রায় বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এই পদযাত্রাকে ঘিরে শহরের প্রধান সড়ক, বাজার এলাকার সড়ক, ব্রিজের মোড়-ডিগ্রি কলেজ মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পদযাত্রার কারণে সৃষ্ট যানজটে পড়ে ভোগান্তির শিকার হন মানুষ।
এদিকে বেলা ১১টার দিকে শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী জমায়েত হন।
সেখানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ও তার দোসররা দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরির পায়তারা করছে। তাদের এই ষড়যন্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজপথ তারা ছাড়বেন না।
Leave a Reply