সৌরঝড়ে উথালপাথাল সূর্য! পৃথিবীর টেলি-যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা
- আপডেট সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
তীব্র সৌরঝড়ে উথালপাথাল সূর্য! তার গা থেকে খসে পড়েছে বিরাট একটি টুকরো। তার জেরেই এই ঝড়। এরকম ঘটনার প্রভাবে পৃথিবীর টেলি-যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
পৃথিবী সহ সমগ্র সৌরজগতের শক্তির মূল উৎসের বুকে এ ধরনের ঝড় মোটেও বিরল ঘটনা নয়।
কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা যা লক্ষ্য করেছেন, তাতে উদ্বেগ অস্বীকার করতে পারছেন না। কী এমন লক্ষ্য করলেন মহাকাশ বিজ্ঞানীরা? সম্প্রতি মার্কিন মহাকাশ আবহাওয়াবিদ ট্যামিথা স্কভ ‘নাসা সোলার ডায়নামিক অবজারভেটরি’ থেকে প্রাপ্ত একটি ভিডিও টুইট করেন।
সেখানে দেখা যায়, উজ্জ্বল কমলা রঙের এক অগ্নিগোলকের উপরের অংশে আগুনের ঝড় চলছে। সেটি যে সূর্য, তা বলাই বাহুল্য। তিনি জানিয়েছেন, এও এক ধরনের সৌরঝড়। মহাকাশ বিজ্ঞানের ভাষায় যাকে বলে সোলার পোলার ভর্টেক্স।
এই ভিডিও সামনে আসতেই শুরু হয় জল্পনা। পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে সূর্যের অবস্থান।
সেখানে ঘটে চলা এই কাণ্ড কোনও স্বাভাবিক ঘটনা, নাকি কোনও মহাজাগতিক বিপর্যয়ের অশুভ ইঙ্গিত—সেটাই এখন তামাম বিজ্ঞানী মহলের চিন্তা।
প্রাথমিকভাবে মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যপৃষ্ঠ থেকে আচমকা বিরাট একটি টুকরো খসে পড়েছে। তার ফলে সূর্যের উত্তর মেরুতে তীব্র সৌরঝড় শুরু হয়েছে।
এরকম ঝড় কোনও আকস্মিক ঘটনা না হলেও এভাবে সূর্যপৃষ্ঠের টুকরো খসে পড়ার নির্দিষ্ট কারণ এখনও সামনে আসেনি। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এরকম ঘটনার প্রভাবে পৃথিবীর টেলি-যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
মহাকাশ আবহাওয়াবিদ স্কভ আরও একটি ভিডিও টুইট করেন। তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌরঝড়ের ভয়াবহতা।
তিনি লিখেছেন, ‘এই সোলার পোলার ভর্টেক্স সূর্যের উত্তর মেরুর প্রায় ৬০ ডিগ্রি অক্ষাংশ প্রদক্ষিণ করতে ৮ ঘণ্টা সময় নিয়েছে। সেই হিসেবে এর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৯৬ কিলোমিটার।’
মহাকাশ বিজ্ঞানী ডঃ দেবীপ্রসাদ দুয়ারির কথায়, ‘সূর্যর পৃষ্ঠদেশ থেকে হামেশাই বড় বড় সৌরশিখা বা ফিলামেন্ট প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ টন আয়নিত গ্যাস হয়ে বেরিয়ে আসছে।
এর গতিবেগ এতটাই বেশি হয় যে অনেক সময় সৌরজগতের উপর দিয়ে তা ঝড়ের মতো বয়ে যায়।
তবে এবার একটি বিরাট সৌরশিখার অংশ ভেঙে গিয়ে সূর্যের উত্তর মেরুতে ঘূর্ণি সৃষ্টি করেছে। তাই এমন পরিস্থিতি।’ পৃথিবীর উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানি, সৌরশিখা বা সৌরঝড়ের আধিক্য হলে টেলি যোগাযোগ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।’
তাঁর আরও সংযোজন, ‘বেশ কয়েক মাস ধরে সূর্য অত্যন্ত সক্রিয় হয়ে গিয়েছে।
মাঝে মধ্যেই সৌরশিখা বা সৌরঝড় দেখা যাচ্ছে।’ আরেক মহাকাশবিজ্ঞানী স্কট ম্যাকিনটস বলেন, ‘সূর্যের বুকে এরকম ঝড় আগে কখনও দেখা যায়নি। সূর্যের ৫৫ ডিগ্রি অক্ষাংশে কিছু একটা অস্বাভাবিক কাণ্ডকারখানা ঘটছে।’
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























