সোমবার থেকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরুর ঘোষণা প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত সংস্কার করে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা দেন। প্রায় ৫০ বছর ধরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও টিকাদান সেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি যেন আর একদিনও বন্ধ না থাকে, সেজন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার থেকেই সংস্কারের কাজ শুরু করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে সেবামূলক একটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এত বড় ধ্বংসযজ্ঞ দেখে তিনি মর্মাহত। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। স্বাস্থ্যকেন্দ্রের জমি সংক্রান্ত কোনো বিরোধ বা আইনি দাবি থাকলে তা আদালত বা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। এই জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের এবং বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। তাঁর ভাষ্য, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার অধিকার কারও নেই।
দায়িত্বে অবহেলার অভিযোগ প্রসঙ্গে আমিনুল হক জানান, ইতোমধ্যে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা নিশ্চিত করেছে। এছাড়া পুলিশ ইতোমধ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ঘটনায় কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কিছু নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তিনি দাবি করেন, এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের দলের কেউ নেই বা দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তদন্তে যদি দলের কোনো ব্যক্তির সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























