মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দায়ীদের বিচারের আওতায় আনার দাবি নাহিদের
- আপডেট সময় : ০৭:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দায়ীদের বিচারের আওতায় আনার দাবি নাহিদের
রাজধানীর মিরপুরে ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার’ ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর বুকে এমন নজিরবিহীন হামলা ও দখলবাজি প্রমাণ করে দেশে সরকারের নিয়ন্ত্রণ কতটা দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে সরকারি অস্তিত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
পড়ুন>>পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
তিনি বলেছেন, ‘রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার।
স্থানীয় লোকজনের অভিযোগ, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে চালানো এই তাণ্ডবের নেপথ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।
পড়ুন>>রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক
নাহিদ ইসলাম এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুটপাট করে। এরপর ভারী যন্ত্রপাতির সাহায্যে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, এই হামলায় প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























