নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৯:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা
ন্যায্য মজুরি, বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের সঠিক হিসাব ও কর্মঘণ্টা কমানোসহ ৯ দফা দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের আন্দোলনে নীলফামারী-ডোমার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ ও কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নিলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী অচিনতলা এলাকায় অবস্থিত গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
পড়ুন>>তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
অবরোধের কারণে নীলফামারী-ডোমার মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শত শত যাত্রী ও চালককে চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রমিকদের অভিযোগ, বর্তমান মজুরি দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের কাজের পরিমাণ ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পিস রেট নির্ধারণ, বেসিক বেতন ও ভাতা বৃদ্ধি, কাজের টার্গেট কমানো, ওভারটাইমের সঠিক হিসাব ও ন্যায্য পারিশ্রমিক প্রদানসহ মোট ৯ দফা দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও শ্রমিকদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করারও দাবি তোলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, “এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন। অথচ আমরা প্রতিদিন কেউ ৫ টাকা, কেউ ৬০ টাকা আবার কেউ ৯০ টাকা মজুরি পাই। এ টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা যে দাবিগুলো জানিয়েছি, সেগুলো মেনে নিতে হবে।”
পড়ুন>>ভূরুঙ্গামারীতে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২
শ্রমিক আখি বানু অভিযোগ করেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে নানা ধরনের জুলুম ও নির্যাতন করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শুনতে চান না। বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় এবং ন্যায্য মজুরি না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
শ্রমিক দয়াল রায় বলেন, সকাল ৮টা থেকে তারা সড়ক অবরোধ করেছেন এবং কোম্পানির সব শ্রমিক আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্য শ্রমিক নাঈম ইসলাম জানান, অসুস্থতার কারণে তিন দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার চাকরি চলে গেছে। শ্রমিক মনিরা আক্তার অভিযোগ করেন, ইনচার্জ সুকুমার রায় কারণে-অকারণে শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার কারণে অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন।
পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান অব্যাহত রাখেন। পরে শ্রমিক ও কোম্পানি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়।
আরও পড়ুন>>ইমরান খানের আপসহীন অবস্থান কি আসলেই একগুঁয়েমি?
গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের ডিজিএম জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
তিনি আরও জানান, কারখানায় স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কোম্পানির কার্যক্রম চালু হবে বলে জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























