দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বিদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করছে, তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তারা সফল হতে পারবে না। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা আত্মগোপনে আছেন, তারা এআই প্রযুক্তি ব্যবহার করে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। অতীতে যেভাবে তথ্য ও ইতিহাস বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এখনো সেই একই পথ অনুসরণ করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে বিশৃঙ্খলা ও তাণ্ডব চালানো হয়েছে। এছাড়া তার সঙ্গে কারাবাস করা মনির নামে এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও মুক্তিপণের দাবিতে লোকজনকে গুমের ঘটনা ঘটেছে। এসব ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, গুমের যে ভয়াবহ সংস্কৃতি আগে ছিল, তা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তবে এত কিছুর পরও বর্তমান সরকার অত্যন্ত ধৈর্য ও স্থিরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আগে হলে এ ধরনের প্রতিটি ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাতের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার এবং প্রচলিত আইনে বিচার নিশ্চিত করার দাবি জানান। বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে ফেলার অপচেষ্টা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























